
সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুরে জাটকা রক্ষা কার্যক্রম ও মার্চ এপ্রিল ২ মাস পদ্মা মেঘনা নদীতে অভয়াশ্রম বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ বুধবার বিকেল ৪টায় সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীর সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়নে জেলে, আড়ৎদার সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। সারাবিশ্বে চাঁদপুরের রুপালি ইলিশের বেশ সুনাম রয়েছে। এই সুনাম ধরে রাখতে হলে ইলিশ সম্পদ আরো বৃদ্ধি করতে হবে। ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।
মার্চ এপ্রিল এ দু মাস অভয়াশ্রম চলাকালীন সময় কোন অবস্থাতেই পদ্মা মেঘনা নদীতে কোন জেলেকে কোন প্রকার মাছ আহরণ করতে দেয়া হবে না। যারা জেলেদেরকে মাছ ধরতে নৌকা ও জাল দিয়ে সহযোগিতা করবে তাদেরকে চিহ্নিত করে মামলা দেওয়া হবে। কোন অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না।
জাটকা রক্ষা করতে পারলে দেশে মাছের ঘাটতি পূরণ করা সম্ভব হবে। চাঁদপুরের ইলিশ দেশের সর্বস্তরের মানুষের কাছে খুবই প্রিয়।
জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাই এই কার্যক্রম বাস্তবায়ন করতে আমরা যেন সকলে একত্রিত হয়ে কাজ করি। তিনি আরো বলেন, এই অভিযান সফল করার ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান ও মেম্বারগনকে আরো কঠোর হতে হবে। সরকারের এই নির্দেশ কেউ অমান্য করলে তাকে আইনের হাতে তুলে দিতে। প্রয়োজনে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে অসাধু জেলেদের নাম বাদ দিতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ্ত ভট্টাচার্য,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, চাঁদপুর কান্ট্রি ফিশিং বোর্ডের সভাপতি শাহ আলম মল্লিক।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সত্তার রাঢ়ী। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ স্থানীয় জেলে ও আড়ৎদার সহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
