
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার শীলাস্থান গ্রামে মসজিদের ইমাম শাহ আলম ওরফে সাহেব আলীকে হত্যার অপরাধে মোঃ রনি সরকার (২৪) কে যাবজ্জীবন কারাদন্ড এবং একই সাথে ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত রনি সরকার কচুয়া শীলাস্থান গ্রামের সরকার বাড়ীর শাহজাহান ক্বারীর ছেলে। হত্যার শিকার সাহেব আলী একই বাড়ীর ওমেদ আলী সরকারের ছেলে। তিনি স্থানীয় মসজিদে ইমামতি করতেন এবং মক্তবের শিক্ষক ছিলেন। সাহেব আলী সম্পর্কে আসামীর জেঠাত ভাই।
মামলার বিবরনে জানা যায়, ২০১৬ সালের ২ অক্টোবর সকাল সাড়ে ৬টায় সাহেব আলী স্থানীয় মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসায় শিশুদেরকে পাঠদান করছেন। ওই সময় শিশুদের সামনে মাদ্রাসায় প্রবেশ করে রনি সরকার তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে সাহেব আলীর পেটে আঘাত করেন। ঘটনাস্থলেই সাহেব আলীর মৃত্যু হয়। শিশুরা চিৎকার করলে স্থানীয় লোকজন রনিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওইদিনই সাহেব আলীর স্ত্রী রহিমা বেগম রনি সরকারকে আসামী করে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের আত্মীয় হারুনুর রশিদ বলেন, সাহেব আলীর কন্যা হাসিনা আক্তারকে রনি সরকার বিভিন্ন সময় কু-প্রাস্তব ও বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। সম্পর্কে ভাতিজি হওয়ার কারণে তিনি এ প্রস্তাবে রাজি হননি। এতেই ক্ষিপ্ত হয়ে রনি এ ঘটনা ঘটায়।
সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমান উল্লাহ বাংলানিউজকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সময়ের কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা চৌধুরী একই বছরের ১৪ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ১৪জন স্বাক্ষীর মধ্যে ১৩জনের স্বাক্ষ্য গ্রহন এবং আসামী তার অপরাধ স্বীকার করায় এ রায় দেন। সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন মোক্তার আহম্মেদ অভি এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন কামাল উদ্দিন।
