প্রতিনিধি
কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের কুখ্যাত মাদক বিক্রেতা নুরুজ্জামানসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত শনিবার রাতে পাড়াগাঁও গ্রাম থেকে এ গ্রামের বাবুল মিয়ার পুত্র সুজন (২২)কে ৪১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আশ্রাফপুর গ্রামের সোনা মিয়ার পুত্র কুখ্যাত মাদক বিক্রেতা নুরুজ্জামান (৫২), নুরুজ্জামানের পুত্র সোহেল (২৫) ও জুয়েল (২২), আশ্রাফপুর গ্রামের আঃ জলিলের পুত্র রবিউল ইসলাম (২০) ও উত্তর পালাখাল গ্রামের আঃ মতিনের পুত্র হানিফ (৩৩)কে পুলিশ গ্রেফতার করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল জানান, মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা প্রত্যেকেই ওয়ারেন্টভুক্ত আসামী। এছাড়া মাদক উদ্ধারের বিষয়ে গতকাল রোববার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
