কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে শেফালী বেগম (৩৮), আবুল কালাম (৪৫), সুজন (২৮) ও সালাউদ্দিন (৩২)।
থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়ার বিশ্বরোডস্থ বাস স্ট্যান্ডে তল্লাশি চালিয়ে কচুয়া-ঢাকাগামী সুরমা বাস থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শেফালী বেগমকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার কোতওয়ালী থানার হোসেনপুর তাজের বাড়ির মৃত কামাল হোসেনের স্ত্রী। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং -০৭।
একইদিন সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার সেকেন্ড অফিসার এসআই রফিকের নেতৃত্বে উপজেলার করইশ গ্রাম থেকে আবুল কালাম (৪৫)কে ৫২ পুরিয়া গাঁজা ও একই গ্রামের সুজন (২৮)কে ৮ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া সোমবার রাতে চান্দিনা উপজেলার মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৩২)কে কচুয়া উপজেলার হোসেনপুর এলাকা থেকে ১১ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ। উক্ত মাদকসেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
