
কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের পুলিশ প্রশাসন একটি মহৎ উদ্যোগ নিয়ে সড়কে অবৈধ ঘাতক ট্রাক্টরের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০টি এ নামক গাড়ি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আটক করেছে। তবে দুঃখজনক হলেও সত্য, কচুয়া উপজেলায় এ পর্যন্ত কোন ট্রাক্টর আটকের খবর পাওয়া যায়নি। কচুয়া থানা অফিসার ইনচার্জ ইবরাহীম খলিল জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে অভিযানে প্রভাবশালীরা কিছুটা সমস্যা করলেও শীঘ্রই ঝটিকা অভিযানের মধ্যে তা আটক করা হবে। এ ট্রাক্টর গুলো কৃষি জমিতে হাল চাষের জন্য অনুমোদন থাকলেও মালিকরা নিয়ম-নীতি তোয়াক্কা না করে তা পরিবহনে ব্যবহার করছে। পুরো চাঁদপুরের মধ্যে সবচেয়ে কচুয়া উপজেলায় এসব অবৈধ ঘাতক ট্রাক্টরের হিড়িকে গ্রাম-গঞ্জের পাকা সড়কগুলো অস্তিত্ব নেই বললে চলে। গত ২৫ ফেব্রুয়ারী চাঁদপুরের পুলিশ প্রশাসন এমনি সমস্যার কথা উল্লেখ করে তা সম্পূর্ন প্রতিরোধ করার জন্য এ মহৎ উদ্যোগ নেয়। পুলিশের এ অভিযানকে সাধারন মানুষ স্বাগত জানিয়েছে এবং তা অব্যাহত রেখে সম্পূর্ন উচ্ছেদ করার দাবী জানান।
