
কচুয়া সংবাদদাতা ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হায়দার আলীকে আহ্বায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী, শিক্ষা কর্মকর্তা একেএম শহীদুল হক মোল্লা,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আবিদ মিয়া ও পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জাকির হোসেনকে সদস্য করা হয়।
অপরদিকে ওই সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. হেলাল উদ্দিন তার বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের দোষারোপ করে বলেন- ব্যাক্তি বিশেষ অথবা কোন গোষ্ঠীকে খুশি করাতে স্থানীয় সাংবাদিকদের উস্কানীতে বিভিন্ন মিডিয়ায় অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিনের বক্তব্যে তাৎক্ষনিক কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিবুল হাসান নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্ভট এ বক্তব্যটি প্রত্যাহারের জোর দাবী জানান।
প্রসঙ্গগতঃ ১৫ আগষ্ট উপলক্ষে কথিত যুবলীগকর্মী মনির হোসেন, লিটন ও ফারুক হোসেন ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারের নিকট চাঁদা দাবী করে তাকে ও সহকারী শিক্ষক ফজলুর রহমানকে লাঞ্চিত করে। এ ঘটনায় পরদিন ১৬ আগষ্ট বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী রাস্তায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করলে হামলাকারীরা অন্ততঃ ৪০ জন শিক্ষার্থীকে আহত করে।
