
গোলাম মোস্তফা ॥
আতঙ্কের ভাইরাস করোনা বিষয়ে সরকারের সিদ্ধান্ত মোতাবেক জনগণের এ দুঃসময়ে দেশব্যাপী সরকারের সহযোগিতার অংশ হিসেবে সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্থানীয় সরকারগুলোর মধ্যে অন্যতম পৌরসভা। তারই ধারাবাহিকতায় চাঁদপুর পৌর পরিষদের পক্ষ থেকে পৌর নাগরিকদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পৌর পরিষদের পক্ষ থেকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় পৌরসভার সড়কগুলোতে ইতিমধ্যে জীবাণুনাশক ঔষধ ছিটানো হয়েছে। এছাড়া পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লার রাস্তাঘাট, ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুনাশক ঔষধ ছিটানো অব্যাহত রয়েছে। মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, ইতিমধ্যে পৌরসভা ১৫টি ওয়ার্ডের ১০০০ পরিবারকে ১০ কেজি করে চাল স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে পৌঁছে দিয়েছি। এ সহযোগিতাটি অব্যাহত রয়েছে। এছাড়াও ইউএনডিপির অধীনস্থ প্রতিষ্ঠান এলআইইউপিসির মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা দিয়ে আসছি। আমি মনে করি, আমাদের এ সহযোগিতার হাত অব্যাহত থাকলে এ পৌর নাগরিকদের কোনো সমস্যায় পড়তে হবে না।
মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, আগামীকাল থেকে চাঁদপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডের ১৫ জন ডিলারের মাধ্যমে পৌর নাগরিকদের সুবিধার্থে ১০ টাকা করে প্রতি কেজি চাল বিক্রি শুরু হবে। এটি একদিন পর পর প্রতিটি ওয়ার্ডে বিক্রি করা হবে এবং একজন গ্রাহক ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। এই সুবিধা অব্যাহত থাকবে।
সর্বোপরি তিনি চাঁদপুর পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলুন, নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, নিজের পাড়া-প্রতিবেশীকে বাঁচান, সমাজকে বাঁচান, আপনার সচেতনতায় সৃষ্টি হবে আগামীর সুন্দর বাংলাদেশ। তাই আসুন সচেতন হই। আমরা সকলে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে রক্ষায় ধৈর্য ধারণ করার তৌফিক দেন।
