স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদখাঁর বাজার সংলগ্ন এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা থেকে আসা সংবাদপত্রবহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-কুমিল্লা হয়ে চাঁদপুরে আসার পথে দৈনিক প্রথম আলো সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসটি এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালক ও ২ নারী যাত্রীসহ ৬ জন আহত হন। আহতরা হচ্ছেন জাহিদুল ইসলাম (২৬), রুবেল (৩৩), মফিজুল হক (৫০), নাছিমা বেগম (৩৫) ও তাছলিমা। আরো একজন আছেন অজ্ঞাত। দুর্ঘটনার পর চাঁদপুর দমকল বাহিনী ও উপস্থিত জনতার সহায়তায় আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সকলের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্মরত চিকিৎসক সকলকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জনান, সংবাদপত্র বহনকারী চাঁদপুরগামী মাইক্রোবাসটি দ্রুত গতিতে আসলে ঘটনার স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কার্গো ট্রাকের মুখোমুখি হওয়ার প্রাক্কালে মাইক্রোবাসের চালক আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন সড়কের পাশে থাকা গাছের উপর গিয়ে মাইক্রোবাসটি আছড়ে পড়ে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা চালকসহ সকলে গুরুতর আহত হয়ে ভেতরে আটকে পড়ে। পরে স্থানীয়রা মাইক্রোবাসের বডি কেটে আহতদের উদ্ধার করে।
