চাঁদপুর নিউজ রিপোর্ট

দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। বাছাইতে চাঁদপুরের যে তিনটি আসনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মনোনয়ন বৈধতা পেয়েছে। এ আসন তিনটি হচ্ছে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি)। তাই এ তিনটি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। তবে এর জন্য প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবে কি থাকবে না এ বিষয়টি এখনো পরিষ্কার নয়। আর জাতীয় পার্টি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে থাকলেও চাঁদপুরের এ তিনটি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের জয়লাভ করতে তেমন একটা বেগ পেতে হবে না। কারণ আওয়ামী লীগের তিন হেভিওয়েট প্রার্থীর সাথে জাতীয় পার্টির তিনজন খুবই দুর্বল প্রার্থী। সে জন্য আওয়ামী লীগের প্রার্থী তিনজন খোশ মেজাজেই আছেন।
অপর দিকে চাঁদপুর-১ (কচুয়া) ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগ প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। আর চাঁদপুর-৩ আসনে ডাঃ দীপু মনির একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাছাইতে বাদ পড়ার পরও নিয়ম অনুযায়ী আপিলের সময় পার হওয়ার পর তাঁর ব্যাপারে সিদ্ধান্ত দেবেন রিটার্নিং অফিসার।
গতকাল ৬ ডিসেম্বর ছিলো মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। এ দিন চাঁদপুর-১, চাঁদপুর-২, চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫ আসনের মনোনয়নপত্র বাছাই হয়। এ চারটির মধ্যে চাঁদপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন শুধুমাত্র ড. মহীউদ্দীন খান আলমগীর। আর বাছাইতে তাঁর মনোনয়ন বৈধ হওয়ায় এ আসনে একমাত্র প্রার্থী হিসেবে ড. মহীউদ্দীন খান আলমগীরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার। বাদ বাকি তিনটি আসনের প্রত্যেকটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। প্রার্থীরা হচ্ছেন ঃ চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, (আওয়ামী লীগ) ও এমরান হোসেন মিয়া (জাতীয় পার্টি), চাঁদপুর-৪ আসনে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (আওয়ামী লীগ) ও মাঈনুল ইসলাম মনি (জাতীয় পার্টি) এবং চাঁদপুর-৫ আসনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম (আওয়ামী লীগ) ও খোরশেদ আলম খুশু (জাতীয় পার্টি)। আর চাঁদপুর-৩ আসনের মনোনয়নপত্র বাছাই হয় ৫ ডিসেম্বর বৃহস্পতিবার। এ আসনে মনোনয়নপত্র দাখিল করেন তিনজন। এরা হচ্ছেন ঃ ডাঃ দীপু মনি (আওয়ামী লীগ), আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার (স্বতন্ত্র) ও মমিন উল্যাহ পাটোয়ারী বীর প্রতীক (স্বতন্ত্র)। এদের মধ্যে মমিন উল্যাহ পাটোয়ারী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আর অপর স্বতন্ত্র প্রার্থী অ্যাডঃ ইকবাল-বিন-বাশারের মনোনয়নপত্র ত্রুটিজনিত কারণে বাছাইতে বাদ পড়ে যায়। তবে এর আগেই তিনি স্থানীয় পত্রিকার মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাই নির্বাচনে ডাঃ দীপু মনিরও কোনো প্রতিদ্বন্দ্বী রইলো না। তবে বাছাইতে বাদ পড়া প্রার্থীর বেলায় নিয়ম অনুযায়ী তাকে আপিলের সুযোগ দিতে হয়। সে সুযোগ হচ্ছে বাছাইয়ের পরবর্তী তিন দিন। আর এ তিনদিন শেষ হচ্ছে আগামীকাল রোববার। তাই রোববারের পরই ডাঃ দীপু মনিকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা দিতে পারবেন রিটার্নিং অফিসার।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
