চাঁদপুরের পদ্মা-মেঘনায় আজ ১মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই দুই মাস চাঁদপুরসহ দেশের ৫টি অভয়াশ্রম এলাকায় মাছ আহরণ, পরিবহন, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এই কর্মসূচী সফল করার লক্ষ্যে ইতোমধ্যে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা টাস্কফোর্স ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
জেলা মৎস্য বিভাগ জানায়, চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৪টি উপজেলায় গত বছর জেলে ছিলো ২৮ হাজার ৫৬জন। এ বছর জেলের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬হাজার ৫শ’ ৫জন। অভিযান চলাকালে সরকার জেলেদের বিকল্প কর্মসংস্থান অর্থাৎ খাদ্য সহায়তা হিসেবে মার্চ থেকে শুরু করে ৪মাস ৪০ কেজি করে চাল প্রদান করবে। সরকারের এই আইন অমান্য করে কোন জেলে মাছ আহরণ করলে ২ বছরের কারাদন্ড ও জরিমানার বিধান রয়েছে।

