
শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে জামাত শিবিরের ছোড়া পেট্রল বোমা নিক্ষেপে গুরুতর আহত অগ্নিদগ্ধ ৩জনকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে। গত বুধবার গভীর রাতে দাউদকান্দি চিরার চর এলাকায় গোয়ালমারি বাজার নামক স্থানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দু’টি অ্যাম্বুলেন্সসহ ৭টি মাইক্রো ডাকাতের কবলে পড়ে। ডাকাতদল অস্ত্র দেখিয়ে অ্যাম্বুলেন্স চালক মনির, মফিজ ও তার সহযোগী মাহবুব, স্বপনের ৪টি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর মতলব উত্তর হয়ে অ্যাম্বুলেন্সসহ ৭টি মাইক্রো চিরার চর এলাকা অতিক্রম করে গোয়ালমারি বাজার এলাকায় গেলে ডাকাতদল রাস্তার মাঝখানে ১টি মাইক্রো রেখে পথ গতিরোধ করে। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে ডাকাতদল প্রথমে পালিয়ে গেলেও পরবর্তীতে তারা বুঝতে পেরে অস্ত্র সস্ত্রসহ গাড়িতে হামলা চালায়। এ সময় ডাকাতদল প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অ্যাম্বুলেন্স দু’টিতে ডাকাতরা ডাকাতি করতে এসে অগ্নিদগ্ধ ৩ জনকে উঠিয়ে তল্লাশী চালিয়ে চালক ও সহযোগীদের মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। অবশেষে অগ্নিদগ্ধ খোরশেদ, রুবেল ও শরীফকে মুমুর্ষ অবস্থায় ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করানো হয়। জানা যায়, হরতাল ও অবরোধকে পূজি করে একটি ডাকাত চক্র কিছুদিন পর পর চিরারচর হতে শুরু করে দাউদকান্দি এলাকার মাঝখানে থেকে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে। দাউদকান্দি থানা পুলিশ ডাকাতির ঘটনা জানতে পেরেও তারা কোন ধরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় কিছু দিন পর পর এ সব ডাকাতির ঘটনা ঘটেই যাচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ জনগন।
