পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের সেমাই। ঈদের এই আবশ্যিক খাবারটিকে কেন্দ্র করে প্রতিবছরই অসাধু মৌসুমী ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে ওঠে। এবারও ব্যতিক্রম হয়নি। ফলে নির্বিঘ্নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে নিম্নমানের সেমাই তৈরি।
ঈদ উপলক্ষে শহর ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি কারখানায় সেমাই তৈরি হচ্ছে। এসব কারখানার বেশির ভাগই গড়ে উঠেছে অবৈধভাবে। কারখানাগুলোর নেই কোনো অনুমোদন। এসব সেমাই চাঁদপুর শহরসহ জেলার বিভিন্ন অঞ্চলে যাচ্ছে।
চাঁদপুরে শহরের পুরান বাজারের মেরকার্টিজ রোডের মো. জাহাঙ্গীর খানের রূপালী লাচ্ছা সেমাই, বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মো. মনসুর মিজির পাঁচ তারা লাচ্ছা সেমাই, নিতাইগঞ্জ রোডের মো. আলমের আলম ফুড প্রোডাক্ট, একই এলাকায় মো. নূরে আলমের মীম ফুড প্রোডাক্ট ও রওনাগোয়াল এলাকার হাজী মো. বিল্লাল খাঁর পূবালী স্পেশাল লাচ্ছা সেমাইসহ বিভিন্ন নামে সেমাই কারখানা গড়ে উঠছে। কিন্তু এসব কারখানার বেশির ভাগেরই বিএসটিআইয়ের অনুমোদন নেই।
সরেজমিন দেখা গেছে, নিতাইগঞ্জ রোডের মো. নূরে আলমের মীম ফুড প্রোডাক্ট ও রওনাগোয়াল এলাকার হাজী মো. বিল্লাল খাঁর পূবালী স্পেশাল লাচ্ছা সেমাই কারখানার এক পাশে তৈরি হচ্ছে সেমাই, অন্য পাশে পালন করা হচ্ছে গরু। অধিকাংশ কারখানায় নোংরা পরিবেশে নিম্নমানের সামগ্রী দিয়ে সেমাই তৈরি হচ্ছে। কারিগররাও অপরিচ্ছন্ন। এসব কারখানায় খোলা জায়গায় রয়েছে ময়লা-আবর্জনা। বাতাসে ধুলাবালি উড়ছে। মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধিও। এর মধ্যেই তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই।
গত বছর প্রশাসন এ সব কারখানায় বেশ কয়েকবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করলেও এ বছর কোনো অভিযান চালায়নি প্রশাসন।
একাধিক সেমাই কারখানার মালিক বলেন, ‘এ বছর প্রশাসনকে ম্যানেজ করেছি। তাই তারা অভিযানে আসছে না।’
এ ব্যাপারে জেলা মার্কেটিং কর্মকর্তা মো. রেজাউর করিম বলেন, এ বছর জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন সেমাই কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করেছে। ১৫ রমজানের পর থেকে সেমাই তৈরি ও কারখানার পরিষ্কার-পরিচ্ছন্নসহ সব নিয়মকানুন বজায় রাখার জন্য কারখানা মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে ।
তিনি আরও বলেন, ‘প্রতিনিয়ত আমাদের ভেজালবিরোধী অভিযান চলছে। এ অভিযান ঈদের আগ পর্যন্ত চলবে।’
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

