
চাঁদপুর জেলায় করোনার উপসর্গে একজন মুক্তিযোদ্ধাসহ আরো ৬ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত থেকে গতকাল শুক্রবার (১২ জুন) সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩জন, হাজীগঞ্জে ২জন ও মতলব উত্তরে ১জন মারা গেছেন।
হাজীগঞ্জে করোনা উপসর্গে মৃত ২জন হলেন সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সর্দার বাড়ির আবদুল মমিন (৫৭) ও পৌরসভার ৬নং ওয়ার্ডের সর্দার বাড়ির বাসিন্দা মোঃ আবুল বাসার ওরফে লেদু মিয়া (৭৫)। তাদের দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে সেনেটারী অফিসার মোঃ জসিমউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সর্দার বাড়ির আবদুল মমিন (৫৭)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েজ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ভর্তি করে তার পরিবার। রাত ২টায় আবদুল মমিন হাসপাতালে মৃত্যুবরণ করেন।
শুক্রবার সকাল সোয়া ৯টায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ডে গত ৫ জুন করোনার উপসর্গে মারা যাওয়া আবদুল আউয়ালের বাবা মোঃ আবুল বাসার (লেদু মিয়া) (৭৫) মৃত্যুবরণ করেন। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া আঃ আউয়ালের রিপোর্ট গতকাল পজিটিভ আসে।
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ এলাকার কাতারিকান্দি গ্রামে করোনার উপসর্গ নিয়ে মোঃ জামান (১২) নামে এক বালকের মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের আমির হোসেনের ছেলে।
শুক্রবার সকাল ৭টার দিকে গ্রামের নিজ বাড়িতেই মারা যায় ওই বালক। মোঃ জামান বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। মোঃ জামানের করোনা উপসর্গে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুশরাত জাহান মিথেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ২ ঘন্টার ব্যবধানে ৩জন মারা গেছেন।
চাঁদপুর শহরের গুণরাজদী এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা রুহুল আমিন (৬৭)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তিনি সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি কচুয়ায়। তিনি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা।
চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকার বাসিন্দা জয়দল চোকদার (৬৩) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় একই উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকাল ৯টায় তিনি মারা যান।
এছাড়া ফরিদগঞ্জের দিবাকর (৭৩) গত ৮ জুন সদর হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
