
করোনা ভাইরাস নিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কাই ঘটতে শুরু করছে। চাঁদপুরে করোনার প্রাদুর্ভাব আবারো বেড়েছে। শীতের আগমনের সাথে সাথেই যেনো নমুনা পরীক্ষার আনুপাতিক হারে করোনা রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গতকাল ১ নভেম্বর চাঁদপুরে ৫৬টি করোনা টেস্টের রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ১৬ জনের। আক্রান্তদের মধ্যে সদর উপজেলারই ১০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪শ’ ২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২শ’ ৪১ জন।
গতকাল নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১০ জন, মতলব উত্তর উপজেলায় ২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১ জন, হাজীগঞ্জ উপজেলায় ২ জন ও শাহরাস্তি উপজেলায় ১জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে গতকাল জাতীয়ভাবে প্রকাশিত করোনা পরিস্থিতির রিপোর্টে দেখা গেছে, নমুনা পরীক্ষার আনুপাতিক হারে সারাদেশে আক্রান্তের হার ১২.৪৯ ভাগ। আর চাঁদপুর জেলায় আক্রান্তের হার ২৮.৫৬ ভাগ। চাঁদপুর জেলায় দ্বিগুণেরও বেশি।
সূত্র থেকে আরও জানা যায়, গতকাল রোববার চাঁদপুরে ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ৫৬টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ছিলো ১৬ জনের। বাদবাকি রিপোর্ট নেগেটিভ আসে। এই স্যাম্পলগুলো গত শনিবার সংগৃহীত। গতকাল সন্ধ্যায় এগুলোর রিপোর্ট প্রকাশ করা হয়।
সূত্র থেকে আরও জানা যায়, চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৮ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৮৩ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
