
মিজান লিটন
স্বামীর ভিটা নেই। পরের বাড়ীতে ভাড়া থাকে। তাই এনজিও সংস্থা ব্র্যাক থেকে ১০ হাজার টাকার ঋণ তোলে। ওই ঋণের টাকা নিয়ে বহুমুখী সমবায়ে জমা রাখেন। স্বপ্ন ছিল সাথে আরো কিছু টাকা জমা করে এক টুকরো জায়গা কিনে ঘর করবে। কথাগুলো বলেছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দিগছাইল গ্রামের পাঁচ সন্তানের জননী আয়েশা বেগম।
তিনি জানান, স্বামীর এক হাত নেই। কোন কাজ কর্ম করতে পারেন না। এখন তিন ছেলে আর দুই মেয়ে নিয়ে ভাড়া করা ভিটায় দিনকাটছেন। ঋণ তোলা ১০ হাজার টাকা ও জমা ৪ হাজার দুইশত টাকাসহ মোট ১৪ হাজার দুইশত টাকা দিগছাইল বহুমুখী সমবায় সমিতিতে জমা রাখা হয়েছিল। তিনমাস আগে এই সমিতির কর্মকর্তারা পালিয়ে গেছে। ভেঙ্গে গেল তার শেষ স্বপ্নটুকু।
এরকম শুধু আয়েশা বেগমের স্বপ্ন নয়, আরো প্রায় দেড় হাজার গ্রাহকের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে দিগছাইল বহুমুখী সমবায় সমিতি। কয়েক গ্রামের দেড় হাজার গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে এই সমিতি।
উপজেলা সমবায় কর্মকর্তা আলো রাণী সরকার অভিযোগ পেলে তদন্ত করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, উপজেলায় ২শ’ ২৮ টি সমবায়ের মধ্যে ৫১ টি সমবায় সমিতি অকার্যকর হিসেবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। এছাড়া এ উপজেলায় ২০১৪ সালে ২৪ টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে জেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে সমিতির কয়েক শতাধিক ভোক্তভোগী গ্রাহক জড়ো হয়ে মানবন্ধন করেছেন। গ্রাহকরা সমিতির চেয়ারম্যান জাকির হোসেনের দৃষ্ট্রান্ত মুলক শাস্তির দাবী জানান।
সরজমিনে গিয়ে দেখা গেছে, গ্রাহক আমেনা বেগমের হাতের পেস্টুনে লেখা ‘কেড়ে নিলি গ্রাহকের টাকা, সমিতির ক্যাশ করলো ফাঁকা।’ এই গ্রাহকের ৩০ হাজার টাকা। এছাড়া মোবাশ্বেরার এক লাখ, বিলকিছ বেগমের এক লাখ ৯ হাজার ৭’শ, বিকরুল ইসলামের এক লাখ, খাদিজা বেগমের এক লাখ, শাহআলমের এক লাখ, জেসমিন আক্তারের এক লাখ টাকাসহ প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে সমিতির কর্মকর্তারা।
গ্রাহক নূরে আলম ছিদ্দিকী বলেন, সমিতির চেয়ারম্যান জাকির হোসেন পরিবারের লোকজন নিয়ে ২০১০ সালে কার্যক্রম শুরু করেন। এই অফিসে ম্যানেজার হিসেবে ছিলেন দিগছাইল গ্রামের তার ভাতিজি আছমা আক্তার, অন্যান্য পদে তার মামাতো ভাই রাশেদ, ভাগিনা কাউছার আলম কাজ করছিলেন। এখন এরা সবাই পলাতক রয়েছে।
খবর নিয়ে জানা গেছে, সমিতির চেয়ারম্যান জাকির হোসেন রাজনৈতিকভাবে কয়েকটি মামলার শিকার। সে জামায়াত ইসলামী দলের একজন সমর্থক। তার খালাতো ভাই ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবু জাফর ছিদ্দিকী। তাদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্বব হয়নি।
জেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত দুই মাসে জেলায় প্রায় ২০০ সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। জনবল কম থাকায় প্রয়োজনীয় কার্যক্রম তড়িত গতিতে করা যাচ্ছে না। ভোক্তভুগী গ্রাহকদের প্রসঙ্গে তিনি বলেন, গ্রাহকরা আইনের আশ্রয় নিতে হবে। তাদের আবেদন পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
রবিবার , ২৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
