মিজান লিটন ॥ চাঁদপুর জেলার ৮ উপজেলার ১৩৮৯টি স্পটে তৃণমূল জনগণের সাথে সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ এবং সরকারের উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি দেখার জন্য জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার সহযোগিতায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংযুক্ত হয়। চাঁদপুর জেলাবাসীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, সাংবাদিকদের পক্ষে শহীদ পাটওয়ারী ও মৎস্যজীবীদের পক্ষে মালেক দেওয়ান।
এ সময় চাঁদপুর-লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. নুর জাহান বেগম মুক্তা, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামীলীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও কচুয়া, শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর উপজেলা, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন।
ফরিদগঞ্জ উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেদ সরকার, পৌর মেয়র মাহফুজুল হকসহ সর্বস্তরের জনতা ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন।
