চাঁদপুর সংবাদদাতা ॥ চাঁদপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে আবারও বাঁধা দিয়েছে পুলিশ। এতে করে বিএনপি নেতা কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করতে পারেনি।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহরের মেথা রোড জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নিলে পুলিশ এসে বাঁধা দেয় এবং সভা করতে দেয়নি। এ সময় ব্যাপক পুলিশ বিএনপি কার্যালয়ের বাহিরে অবস্থান নেয়। পরে সন্ধ্যার পূর্বে বিএনপি কার্যালয়ের ভিতরে শতাধিত নেতা-কর্মীর উপস্থিতির মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন,মিথ্যা মামলার রায় দিয়ে খালেদা জিয়াকে জেলে আটকিয়ে রাখা যাবেনা। আওয়ামীলীগের গুন্ডারা পুলিশের সহযোগিতায় বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা করে যাচেছ। প্রতিবাদ আমাদের মৌলিক অধিকার, সেঅধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচেছ। তবে শেখ হাসিনা যা করছেন,তার পরিনতি ভাল হবেনা। আমরা আইনি প্রক্রিয়ায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরেই জেল থেকে মুক্ত করে আনবো। তিনি আরো বলেন,চাঁদপুরে আমাদের এ পর্যন্ত ২শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের নি:শর্ত মুক্তি কামনা করছি। এ সময় নেতা-কর্মীরা শ্লোগান দিয়ে বলেন,আমার নেত্রী,আমার মা তাকে আর জেলে থাকতে দিবনা। আটক খালেদা জিয়া ও নেতা-কর্মীদের ভয়নাই, আমরা রাজ পথ ছারি নাই।
সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. সেলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি , ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশীদ জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী প্রমুখ।
পরে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এর বাসভবন মনিরা ভবনে নেতা-কর্মীরা আবারো জড়ো হয়। এ সময় গোয়েন্দা পুলিশ ওই বাড়ীতে প্রবেশ করেন।
