শওকত আলী ॥
চাঁদপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে আটক করেছে। গতকাল ২৫মার্চ শনিবার রাত সাড়ে ১০টায় ফরিদগঞ্জ উপজেলার ৮নং দক্ষিণ পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাজী বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাজী বাড়ির আঃ গণি কাজীর ছেলে মো. শাকিল আহমেদ (২৩) কে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশী করে ঘরের ভিতরে থাকা পড়ার টেবিলের ড্রয়ার থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। প্রথমে এটি খেলনা পিস্তল মনে করা হয়েছিল। পরবর্তীতে যাচাই বাচাই করে দেখা যায় এটি বিদেশী পিস্তল। তার সাথে ম্যাগজিনে ভর্তি ৩রাউন্ড তাজা গুলিও ছিলো। এরপর শাকিলকে আটক করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।
আটক শাকিল আহমেদ জানায়, সে ফরিদগঞ্জ উপজেলার ৮নং দক্ষিণ পাইকপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার বন্ধু একই এলাকার দুর্জয় ১৫/২০ দিন পূর্বে তার কাছে এ পিস্তলটি রেখে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু জানায়, এ বিষয়টি খতিয়ে দেখছি। এর সাথে আর কারা জড়িত, তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
