রফিকুল ইসলাম মিয়াজী :
চাঁদপুরের বড়স্টেশন মোলহেডের উত্তর দিকে আনন্দ বাজারের উত্তর পার্শ্বে জাহাজের আঘাতে মালবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ২০ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম থেকে সিরামিক ইন্ডাস্ট্রির কাঁচা মাল নিয়ে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত এম.ভি সোয়াদ জাহাজের মাস্টার জাহাঙ্গীর আলম চাঁদপুর মডেল থানায় একটি জিডি করেছে। জিডি নং- ৭৮৮, তারিখ- ২০/১/২০১৫ইং। অভিযোগ থেকে ও ঘটনাস্থল পরিদর্শন করলে জানা যায়, এম.ভি সোয়াদ জাহাজ ঢাকায় যাওয়ার পথে পিছন দিক থেকে একটি জাহাজ পাশে আঘাত করে। এরপর জাহাজটি নিয়ন্ত্রন হারালে পিছন দিক থেকে এমভি সিরাজুল ইসলাম-১ (লাইটার জাহাজ) ক্ষতিগ্রস্ত এম.ভি সোয়াদ জাহাজের পেটে আঘাত করে। এতে জাহাজটি ফেটে যায়। পরে ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার জাহাঙ্গীর আলম জাহাজটি নদীর পাড়ে নেওয়ার চেষ্টা করলে জাহাজটি ডুবে যায়। জানা যায়, জাহাজে ১হাজার টন সিরামিকের কাঁচামাল ছিল। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। আরো জানা যায়, জাহাজের মালামালের মালিক চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক। তার মালিকানাধীন সিরামিক ইন্ডাস্ট্রির কাচামাল। ক্ষতিগ্রস্ত জাহাজের মালিক দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুরে আসেন। জাহাজে ১২জন শ্রমিক ছিল। হারুন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়।

