
স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শাহাপুর গ্রামে স্ত্রী শেফালী রঞ্জন বানু (২০) কে লাথিমেরে হত্যার দায়ে স্বামী মো. বিল্লাল হোসেন (৩৭) কে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। বিল্লাল হোসেন শাহপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে এবং নিহত শেফালী একই গ্রামের মো. জয়নাল আবেদীনের কন্যা।
মামলার বিবরণ থেকে জানাযায়, ২০০৭ সালের ১৯ মে রাত আনুমানিক ১০টা থেকে ৩টার মধ্যে বিল্লাল হোসেন তার সদ্য বিবাহিত (২ মাস ২ দিন) স্ত্রী শেফালীকে লাথিমেরে হত্যা করে বাড়ির পুকুরে ফেলে দেয়। পরদিন সকালে ওই বাড়ীর দুলালের স্ত্রী নুরজাহান বাড়ির পুকুরে শেফালির মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন জড়ো হয়। মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। ওই দিনই শেফালির পিতা জয়নাল আবেদীন বিল্লাল হোসেন ও তার মা শামসুন্নাহারকে আসামী করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামী বিল্লাল হোসেনকে গ্রেফতার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার তাৎকালীন সময়ের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার তদন্ত শেষে ২০০৭ সালের ৫ আগষ্ট আদালতে চার্জশীট দাখিল করেন। এতে উল্লেখ করা হয় আসামী বিল্লাল হোসেন ১৬৪ এর জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। সরকার পক্ষের আইনজীবী (পিপি) আমান উল্লাহ জানান, মামলাটি দীর্ঘ ১০ বছর চলমান অবস্থায় স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামীর অপরাধ প্রমাণিত হওয়ায় আসামীর উপস্থিতিতে প্যানেল কোর্টের ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর আসামী বিল্লালের মাতা শামসুন্নাহার নিরপরাধ হওয়ায় তাকে মামলা থেকে খালাসদেন বিচারক। আসামী পক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুস সাত্তার।
