শওকত আলী:
চাঁদপুরে বোগদাদ বাস ও সিএনজি স্কুটার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত মুকবুল হোসেন (৩২) ও মহরম বেপারী (২০) এর লাশ গতকাল বুধবার ময়না তদন্ত শেষে চাঁদপুর মডেল থানা পুলিশ বিকেলে তাদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে মামলার এসআই চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ত্রিনাথ চন্দ্র জানান। এ ব্যাপারে ঘাতক বাস মালিকের বিরুদ্ধে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাজারে বোগদাদ এক্সপ্রেস বাসের সাথে সিএনজি চালিত স্কুটারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়ে বর্তমানে ২জন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় হাজীগঞ্জ উপজেলার দেবপুর বাজার এলাকায় হলেও রাত ৯টা ২০ মিনিটে মহরম বেপারী ঢাকা নেওয়ার পথে মারা যায় এবং মুকবুল হোসেন চিকিৎসাধীন অবস্থান সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হচ্ছে, ঢাকার টিপু সুলতার রোডের বাসিন্দা মৃত আবু ইউসুফ চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম (৫৫), একই এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে রবিন (৩০)।
আহতদের সাথে থাকা মো. রাসেল জানায়, তারা ঢাকা থেকে লঞ্চযোগে দুপুরে চাঁদপুরে এসে তাদের গ্রামের বাড়ি হাজীগঞ্জ রামড়া বড় বাড়িতে যাচ্ছিলো। পথিমধ্যে বোগদাদ বাসটি বেপরোয়া গতিতে এসে তাদের সামনে থাকা স্কুটারটিকে ঢাক্কা দিলে ঘটনা স্থলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) ত্রীনাথ জানান, নিহতদের লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করে ডাক্তারের মাধ্যমে ময়না তদন্ত শেষে তাদের লাশ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বুধবার বিকেলে। এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে বোগদাদ এক্সপ্রেসের বাস মালিকের বিরুদ্ধে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
