
ডিজিটাল সেবা প্রদানে চাঁদপুর সহসাই দেশের সকল জেলাকে ছাড়িয়ে যাবে
জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল
রফিকুল ইসলাম বাবু।
রূপকল্প-২০২১ বাস্তবায়ন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে আইসিটি-এর ব্যবহার নিশ্চিতকরণ, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে চাঁদপুরে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭-এর শুভ উদ্বোধন গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে মেলার এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালী শেষে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। তিনি বলেন, বাংলাদেশের ওয়েব পোর্টাল বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল। এতে ২৫ হাজার লিঙ্ক রয়েছে। সারাদেশে ১৩ কোটি সিম ব্যবহার হচ্ছে। ইন্টারনেট ব্যবহার করছে ৬ কোটি। তিনি বলেন, চাঁদপুরে ২০১৭ সালের মধ্যে অনলাইনের মাধ্যমে সকল সেবা দেয়ার চেষ্টা করা হবে। চাঁদপুর জেলাকে ভিক্ষুকমুক্ত করতে আমরা সহসাই একটি প্রজেক্ট হাতে নেবো। জেলা প্রশাসক বলেন, দেশের ডিজিটাল সেবার যাত্রা শুরু হয়েছিলো যশোর জেলা থেকে। সারাদেশের মধ্যে ডিজিটাল সেবা প্রদানে আমাদের চেয়ে যশোর এগিয়ে থাকলেও খুব শীঘ্রই আমরা তাদেরকে ছাড়িয়ে যাবো। তখন আমরা দেশের সকল জেলাকে ছাড়িয়ে যাবো। তিনি আরো বলেন, প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানের জন্যে নতুন যুগোপযোগী সেবা প্রদান করা হবে। ইতোমধ্যে জেলার বেশ কিছু সরকারি প্রতিষ্ঠনে সিসি ক্যামেরা সংযোজন করা হয়েছে। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু সালেহ মোঃ আবদুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার শরীফ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নান, বর্তমান সাধারণ সম্পাদক জি এম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, সোহেল রুশদী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৩ দিনের এ মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের মোট ৫১টি স্টল স্থান পেয়েছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় প্রতিদিন বিভিন্ন উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।
