বিশেষ প্রতিনিধি :
চাঁদপুর নৌ-সীমানায় সরকার নিষিদ্ধ নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জালে ঝাটকা নিধনকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে ৬১ জনকে আটক করে। আটককৃতদের মঙ্গলবার রাতে সাড়ে ৮ টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৭ জনকে ১ বছর করে কারাদণ্ড ও ৩৪ জনের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সত্যতা স্বীকার করে নিশ্চিত করেছেন, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নৌ-সীমানার লঙ্গিমারা চর, জাহাজমারা চর, রাজরাজেস্বর, হরিনা, চরভৈরবী ও কাটাখালী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাশেদ ও লিটুস লরেন্স চিরান মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদেরকে আটক করে। রাত সাড়ে ৮ টায় নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাশেদ ২৭ জনকে ১ বছরের কারাদণ্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান ৩৪ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাশেদ জানান।
