মোঃ জামাল হোসেন ॥
চাঁদপুর-কুমিল্লা মহা-সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ না হতেই ফের দখল করেছে স্থানীয়রা। জানা যায়, ঈদের আগে জেলা পরিষদ কর্তৃক সড়কটির দু’পাশে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ওই সময় উচ্ছেদ অভিযানের পাশাপাশি দখল করা দোকানপাঠ তুলে নেয় অবৈধ দখলদারকারীরা। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক, মেহের, দোয়াভাঙ্গা, কালিয়াপাড়া, কাঁকৈরতলা, বানিয়াচোঁ এলাকায় উচ্ছেদ হওয়ার দৃশ্য দেখা গেলেও এর পর দিন থেকেই আবার দখল করার প্রতিযোগিতায় নামে অবৈধ দখলকারীরা। বর্তমানে প্রায় আগের মত দখল হয়ে গেছে রাস্তার দু’পাশ। জনগণের প্রশ্ন – এভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে দোকানপাঠের ক্ষয়-ক্ষতির চেয়ে দখল করে থাকাটাই ভালো। যদি উচ্ছেদ অভিযান অব্যাহত না রাখা যায়, তাহলে লোক দেখানো উচ্ছেদ অভিযান কোনো কাজে আসবে না। বর্তমানে রাস্তার দু’পাশ আবার দখল হয়ে যাওয়ায় পথচারী পারাপারে ব্যাঘাত ঘটছে এবং দুর্ঘটনা বেড়েই চলছে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অচিরেই স্থায়ীভাবে রাস্তার দু’পাশ অবৈধ দখলের হাত থেকে মুক্ত রাখতে দীর্ঘস্থায়ী ও পরিকল্পিতভাবে ব্যবস্থা গ্রহণ করবে এটাই জনগণের প্রত্যাশা।

