চাঁদপুর নিউজ রিপোর্ট
রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৫-এর ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায় যে, চাঁদপুর জেলায় প্রাথমিকে মোট বৃত্তি পেয়েছে ১ হাজার ৬শ’ ৪ জন। এর মধ্যে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে ৫শ’ ৯৪ জন। আর সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ১০ জন।
২০১৫ সালে চাঁদপুর জেলা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছে মোট ৫১ হাজার ২শ’ ৩৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৭শ’ ৭৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮শ’ ৩৫ জন। প্রাথমিক সমাপনীর এই ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের রোল নম্বর গতকাল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে যে, সদর উপজেলায় মোট বৃত্তি পেয়েছে ২শ’ ৮৫ জন। এর মধ্যে টেলেন্টপুলে পেয়েছে ১শ’ ৭ জন, সাধারণ গ্রেডে পেয়েছে ১শ’ ৭৮ জন। এমনিভাবে কচুয়ায় টেলেন্টপুলে ৯৩, সাধারণ ১শ’ ২৪ ও সম্পূরক ৬; হাজীগঞ্জে টেলেন্টপুলে ৮৫, সাধারণ ১শ’ ৪২, হাইমচরে টেলেন্টপুলে ২৮, সাধারণে ৪০ জন; শাহরাস্তিতে টেলেন্টপুলে ৫৬, সাধারণ ১শ’ ৩৬; ফরিদগঞ্জে টেলেন্টপুলে ৯৮, সাধারণ ১শ ৪৮; মতলব দক্ষিণে টেলেন্টপুলে ৫১, সাধারণ ৯৪ এবং মতলব উত্তরে টেলেন্টপুলে ৭৬ জন ও সাধারণ গ্রেডে ১শ’ ৪২ জন বৃত্তি পেয়েছে।
