
স্টাফ রিপোর্টার
চাঁদপুর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হলো মহান মে দিবস। সারাদেশের ন্যায় চাঁদপুরে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে পালিত হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহান মে দিবস। পহেলা মে বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে মহান মে দিবস উপলক্ষে এক বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব। তাই শ্রমিকরা ৮ ঘন্টা কাজ করেই ৫শ থেকে ৬শ টাকা আয় করতে পারে। এ সময় তিনি মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৮৮৯ সালে ফ্রেডারিক এঙ্গেলসের নেতৃত্বে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংগঠনের সম্মেলনে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের শ্রমিক শ্রেণির এক পতাকাতলে মিলিত হওয়ার কারনেই ২৪ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা কাজ করার সময় নির্ধারণ করা সম্ভব হয়েছে। এ সময় তিনি বলেন, আজ থেকে ৫ বছর আগেও শ্রমিকরা তেমন ভালো আয় করতে পারতো না। বর্তমান সরকার শ্রমিকবান্ধব বলেই একজন শ্রমিক ইচ্ছে করলেই ৮ ঘন্টা কাজ করেই খুব ভালো আয় করতে পারে। তিনি আরো বলেন, বাংলাদেশে যেন আর রানা প্লাজা ধ্বংসের মতো আর এ রকম শ্রমিক হত্যার ঘটনা না ঘটে সে জন্য সকল শ্রমিককে সতর্ক থাকতে হবে। জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর শাখার সভাপতি নুরুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভূইয়া, জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর শাখার সহ সভাপতি এনায়েত উল্লা ঢালী, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আঃ হান্নান খান, চাঁদপুর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নেছার আহমেদ, জাতীয় শ্রমিক লীগ হাইমচর উপজেলা শাখার সভাপতি নওশান আলী নশু, বাংলাদেশ শ্রমিক লীগ চাঁদপুর শাখার যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, চাঁদপুর জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর শাখার শিক্ষা-গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমেদ খান, আঃ হান্নান খানের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রফিক ভূইয়া প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে চাঁদপুর শহরে বিভিন্ন সড়ক পথ প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে মিলিত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন চাঁদপুরের বিভিন্ন শ্রমিক সংগঠন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। মহান মে দিবসে সংহতি প্রকাশ করে চাঁদপুর শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালীতে অংশগ্রহণ করেন।
শিরোনাম:
রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
