চাঁদপুর পৌরসভার অভ্যন্তরে অবৈধ লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিক্সার উপর অভিযান করেছে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের তিনটি পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পৌর কর্মচারীগণ শহরের শপথ চত্বর, মিশন রোড মোড় ও ওয়্যারলেস মোড় এলাকায় প্রায় ৪২টি অবৈধ ও অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিক্সার অভিযান করে ব্যাটারি ভেঙ্গে ফেলে ।
শহরের শান্তি শৃঙ্খলা যানজট নিরসনে এবং অবৈধ ব্যাটারি চালিত অটোবাইক উচ্ছেদের লক্ষ্যেই মেয়র নাছিরউদ্দিন আহমেদের নির্দেশে এ অভিযান পরিচালিত হয় এবং অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অংশ নেন চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসাইন, সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল, রফিকুল ইসলাম, শাহরিয়ার হোসেন, এনায়েত হোসেন, ফারহান জিকুসহ কর্মচারীগণ।
চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসেনের সাথে আলাপকালে তিনি জানান, মেয়র স্যারের নিদের্শেই আমরা অবৈধ ব্যাটারিচালিত রিক্সার উপর অভিযান শুরু করেছি। আমাদের এ অভিযান অব্যহৃত থাকবে। পৌরসভাধীন কোন এলাকায় ব্যাটারিচালিত রিক্সা চলাচল করতে পারবে না। এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।