নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে অভিযান শুরু করেছে চাঁদপুর নিরাপদ খাদ্য আদালত। গতকাল ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদপুর শহরের ৩টি বড় দোকান পরিদর্শন করেন চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইনের নেতৃত্বে নিরাপদ খাদ্য আদালত।
বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিরাপদ খাদ্য আদালতের টিম চাঁদপুর টাউন হল মার্কেটের ভূঁইয়া বিগ বাজার, স্টেডিয়াম রোডস্থ কাউছার মঞ্জিলের ভূঁইয়া জেনারেল স্টোর ও লিটন ডিপার্টমেন্টাল স্টোর পর্যায়ক্রমে পরিদর্শন করেন।
এ সময় বিদেশী পণ্যে বিএসটিআইর অনুমোদিত আমদানি প্রতিষ্ঠানের স্টিকার ও লগো না থাকা, খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ বেশ কিছু চকলেট, কেক, চালের গুঁড়া, চিপস্, মেয়াদোত্তীর্ণ প্রসাধনীসামগ্রী ধ্বংস করার জন্যে জব্দ করা হয়। এ সময় দোকান মালিকদের সতর্ক করা হয়েছে।
নিরাপদ খাদ্য আদালতের বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম, বিএসটিআই পরিদর্শক মোঃ মুকুল মৃধা, বিএসটিআইর ফিল্ড অফিসার জিশান আহমেদ তালুকদার, পুলিশের এসআই মফিজুল ইসলাম, এসআই জহির ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন জানান, চাঁদপুর জেলা বিচার বিভাগের মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে নিরাপদ খাদ্য আদালতের অধীনে এখন থেকে অত্র জেলার যে কোনো দোকানসহ খাদ্য প্রতিষ্ঠানসমূহ নিয়মিত পরিদর্শন করা হবে।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দোকানের মালিকসহ সকলকে সচেতন করার মাধ্যমে এবং সরকার প্রণীত আইন বাস্তবায়নে চাঁদপুর জেলা বিচার বিভাগ বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, আল্লাহর দেয়া সুন্দর জীবন ভেজাল খাদ্যের মাধ্যমে নিঃশেষ করে দেয়ার ক্ষমতা দেশের আইন কাউকে দেয় নাই। মহামান্য হাইকোর্ট কর্তৃক ঘোষিত নিষিদ্ধ খাদ্যসমূহ প্রতিষ্ঠান থেকে অপসারণ ও ধ্বংস করার জন্যে অনুরোধ করা হচ্ছে। খাদ্যে ভেজাল দেয়াসহ ভেজাল খাদ্য বর্জন করুন। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
