
যে কোনো ধরনের অপরাধী বা অপরাধ কর্মকা-ই হোক, বাংলাদেশ পুলিশ তা প্রতিহত করতে সক্ষম। সেই সক্ষমতার আগাম সতর্কবার্তা জানান দিলো চাঁদপুর জেলা পুলিশ। জেলা পুলিশের বিশাল এক বহর সশস্ত্র অবস্থায় চাঁদপুর শহর জুড়ে মহড়া দিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার ও পুরানবাজার এলাকায় পুলিশ এই বিশেষ মহড়া দেয়। মহড়াকালে বেশ ক’টি গুরুত্বপূর্ণ মোড়ে জনগণের উদ্দেশে সতর্কতামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদ পারভেজ চৌধুরী।
গতকাল শুক্রবার বিকেলে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা পুলিশের বিশাল বহর সশস্ত্র অবস্থায় অর্ধ শতাধিক গাড়ি নিয়ে মাঠে নামে। পুলিশের মোটরসাইকেল ও পিকআপ গাড়ির বহর পুরো শহর তথা নতুন বাজার ও পুরাণবাজার এলাকা মহড়া দেয়। একই সাথে বাবুরহাট, ওয়্যারলেস, বাসস্ট্যান্ড, পালবাজার ও ব্রিজের মোড়, পুরাণবাজার নতুন রাস্তার মোড় ও কালীবাড়ি শপথ চত্বর মোড়ে জনগণের উদ্দেশে সতর্কতা ও সচেতনতামূলক বক্তব্য রাখেন জাহিদ পারভেজ চৌধুরী। এ সময় তিনি জনগণের উদ্দেশে বলেন, সামনে ঈদুল আজহা। এ সময় অনেকেই নিজ নিজ এলাকায় আসবেন। এ সুযোগে কোনো অপরাধীও হয়ত ঢুকে যেতে পারে আপনার এলাকায়। তাই প্রত্যেকে নিজ নিজ এলাকায় অপরিচিত কোনো লোকের আনাগোনা দেখলে তাদের উপর সতর্ক দৃষ্টি রাখবেন এবং সন্দেহজনক মনে হলেই পুলিশকে (৯৯৯ নাম্বারে) ফোন করবেন। অপরাধী নানা ধরনের হতে পারে। যেমন জাল টাকা বিস্তারকারী, নাশকতা সৃষ্টিকারী, ডাকাত, জঙ্গি, মাদক ব্যবসায়ী ইত্যাদি। অপরাধী যত বড় শক্তিশালীই হোক, বাংলাদেশ পুলিশ তা রুখে দিতে সক্ষম। এছাড়া বর্তমানে সকলের মাস্ক পরা বাধ্যতামূলক। সকলকে মাস্ক অবশ্যই পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঈদের জামাতেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া আরো নানা বিষয়ে সতর্ক করা হয় জনগণকে।
এই মহড়ায় মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হারুনুর রশিদ, ইন্সপেক্টর (অপারেশন) মোরশেদুল আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ অংশ নেন।
