
প্রতিনিধি
চাঁদপুর শহরে গতকাল শনিবার সন্ধ্যায় পৃৃথক ঘটনায় দুর্বৃত্তরা ২ তরুণকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় মাইনুল ইসলাম অনি (২০) ও ছোবহান মৃধা (১৮) কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের দু জনের মধ্যে মাইনুল ইসলাম অনির অবস্থা গুরুতর। তাকে ঢাকায় রেফার করা হয়েছে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ৪/৫ জন বন্ধু মিলে মাইনুল ইসলাম অনি পুরাণ আদালত পাড়াস্থ নতুন বাজার পুলিশ ফাঁড়ির সামনের রাস্তা দিয়ে যাবার সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২০/৩০ জন যুবক অনির উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন অনিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। মাইনুল ইসলাম অনির মাথা, পা ও পিঠে আঘাতের বড় চিহ্ন রয়েছে। এছাড়া তার এক হাতের আঙ্গুল কেটে ফেলে। পূর্ব শত্রুতার জের ধরে একটি মহল্লার চিহ্নিত সন্ত্রাসীরা অনির উপর এ হামলা চালায় বলে জানা যায়। আহত মাইনুল ইসলাম অনির বাবা রবিউল্যা মোল্লা। তালতলা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা। সে ফিশারীতে ডিপ্লোমা কোর্সের ছাত্র। জেলা যুবলীগ আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়ার ভাগিনা অনি। অপর ঘটনাটি ঘটে সন্ধ্যায় ছায়াবাণী রেল লাইনের পাশে। বিজয় মেলা থেকে ডেকে এনে ১০/১২ জন যুবক ছোবহান মৃধা (১৮) নামে তরুণকে বার্মিজ চাপাতি দিয়ে কোপায়। তাকেও হাসপাতালে এনে ভর্তি করা হয়। ছোবহানের বাড়ি বিষ্ণুদী। তার বাবার নাম শাহআলম মৃধা। চাঁদপুর মডেল থানার দু জন পুলিশ কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে আহতদের কাছ থেকে ঘটনার তথ্য সংগ্রহ করেছেন। শহরে ইদানীং একে অপরকে কুপিয়ে আহত করার প্রবণতা অনেক বেড়েছে। এতে শান্তিপ্রিয় শহরবাসীকে উদ্বিগ্ন করে তুলছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
