স্টাফ রিপোর্টার:
পুলিশের ব্যাপক ধরপাকড়ের কারণে আতঙ্ক ছড়িয়ে গেছে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে। গত ২৪ ঘণ্টায় পুলিশ চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমীর ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়াসহ এ জেলায় বিএনপি-জামায়াতের প্রায় অর্ধশত নেতা-কর্মীকে আটক করেছে। তবে পুলিশ ২৩ জন আটকের কথা জানিয়েছে। আটককৃতদের বিভিন্ন মামলার এজাহার ও ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে দেখানো হয়েছে। এদিকে আটকের পর পুলিশ অনেককে ছেড়েও দিয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র ও থানা পুলিশের দেয়া তথ্যানুযায়ী, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, ফরিদগঞ্জ থানায় ৮ জন, হাজীগঞ্জে ১ জন, মতলব দক্ষিণে ৩ জন, মতলব উত্তরে ২ জন, হাইমচরে ১ জন, কচুয়া থানায় ২ জন ও শাহরাস্তি থানা পুলিশ ২ জনকে আটক করেছে।
আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন : চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমীর ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কাদের বেপারী, চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ মিয়াজী, মহামায়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বেপারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, ফরিদগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন (৩২), আলমগীর হোসের মোক্তার, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার (৪৫), রূপসা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আল ইমন সবুজ (৩০), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখের খান (৫০), পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউছার হোসেন রুবেল (২৫) ও বিএনপি নেতা মাইনুল ইসলাম বিলাস (৪০)।
জেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ
‘পেশাগত দায়িত্ব পালন করা অবস্থায়’ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়াকে ‘অন্যায়ভাবে’ গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার আমীর অধ্যক্ষ মাওলানা আঃ রহীম পাটওয়ারী ও সেক্রেটারি মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর শহর জামায়াতের আমীর শাহ আলম ও সেক্রেটারি মোঃ সাইফুল আলম। নেতৃবৃন্দ বলেন, বিনা অপরাধে পেশাগত দায়িত্ব পালনকালে একজন জনপ্রতিনিধিকে অন্যায়ভাবে গ্রেফতার করা ন্যাক্কারজনক ঘটনা। সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চায়। বিনা অপরাধে যখন-তখন যাকে ইচ্ছে তাকে গ্রেফতার করে জনগণের উপর জুলুম ও নির্যাতন চালাচ্ছে সরকার। সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতেই এ ধরনের দমন-পীড়ন চালাচ্ছে। তারা অবিলম্বে জনপ্রিয় এ নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
