শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সরকারি হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আনয়ারুল আজিম (৫৫) ও সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জাম (৫০) সহ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের ৫ জন কর্মকর্তা কর্মচারী গুরুতর আহত হয়েছে। গত ১৮ এপ্রিল বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টায় লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে। বাকি আহতরা হলেন, চাঁদপুর সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মাহাবুবুল আলম (৪২), সিভিল সার্জন কার্যালয়ের পরিসংক্ষানবিদ তাহমিনা রহমান ( ৪৫) ও সরকারি হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মনির আহম্মদ (৪৫)।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে লক্ষীপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসাসেবা শেষে তত্বাবধায়ক ডাঃ মোঃ আনয়ারুল আজিম (৫৫) ও সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জাম (৫০) ও ডাঃ মাহাবুবুল আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সফিকুল ইসলাম জানান, বুধবার সকালে তারা চট্রগ্রামে একটি প্রশিক্ষন সম্মলনে যোগ দিতে চাঁদপুর থেকে চট্রগ্রামে যান। সম্মেলন শেষে তারা সেখান থেকে হাসপাতালের মাইক্রোবাসে করে চাঁদপুরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর সরকারি হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ সফিউল আলম জানান, চট্রগ্রাম থেকে প্রশিক্ষন শেষে চাঁদপুরে ফেরার পথে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ নামকস্থানে আসলে ট্রাক ও তাদের বহনকৃত মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুঘটনা ঘটে। এতে মোট ৫ জন আহত হয়। তবে তাদের মধ্যে সিভিল সার্জন, তত্বাবধায়ক, ও ডাঃ মাহবুবুল আলম গুরুতর আহত হয়েছে বলে তিনি জানান।
