
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে এইচএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা বিক্ষোভ, কলেজের প্রধান ফটকে তালা ও সড়কে অগি্নসংযোগ করেছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। তারা পরীক্ষার ফরম পূরণ করতে না পারায় এ বিক্ষোভ করেছে।
জানা গেছে, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অকৃতকার্য ২শ’ ৪১ জন শিক্ষার্থী বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। দীর্ঘ এক ঘন্টা কলেজের ভেতরে আটকা পড়ে অনার্স (সম্মান)-এর প্রায় ৯শ’ শিক্ষার্থী। প্রায় ২ ঘন্টা পর চাঁদপুর মডেল থানা পুলিশ এসে তালা খুলে আটকে থাকা শিক্ষার্থীদের বের হওয়ার সুযোগ করে দেয়।
চাঁদপুর সরকারি কলেজেও একই ইস্যু নিয়ে কলেজের সামনে সড়কে বিক্ষোভ ও অগি্নসংযোগ করে অকৃতকার্য শিক্ষার্থীরা। এতে প্রায় ১ঘন্টা এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আফজাল হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চাঁদপুর সরকারি কলেজে এবার এইচএসসি নির্বাচনী পরীক্ষায় ৩ বিভাগে অংশগ্রহণ করে ৪১২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয় ২৯৮ জন। অকৃতকার্য হয় ১১৪জন। বোর্ডের নিয়ম অনুযায়ী এদের পাবলিক পরীক্ষায় ফরম ফিলাপের কোনো সুযোগ নেই।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি)-এর নির্বাচনী পরীক্ষায় মোট অংশ নেয় ৮শ’ ৩০ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫শ’ ৮৯ জন। বাদবাকি ২শ’ ৪১ জন অকৃতকার্য হয়। এরাও বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষার ফরম পূরণ করতে পারেনি।
অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী প্রিয়াংকা ও ফারজানা জানান, তারা আইসিটিসহ বিজ্ঞান বিভাগের শিক্ষক স্বল্পতার কারণে ১-২ বিষয়ে অকৃতকার্য হয়েছেন। কিন্তু তাদের অন্যান্য সব বিষয়ে ভালো ফলাফল হয়েছে। কলেজ কর্তৃপক্ষ পূর্বে তাদেরকে আশ্বাস দিয়েছেন, তাদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হবে। অভিভাবক দিলীপ ঘোষ ও শাহানারা বেগম জানান, কলেজের অধ্যক্ষ তাদেরকে কদিন আগে বলেছেন, এক বিষয়ে অকৃতকার্যদের সম্পর্কে বোর্ডে যোগাযোগ করে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু তিনি আজকে (গতকাল) কলেজেই আসেননি। অধ্যক্ষের অনুপস্থিতিতে অন্য শিক্ষকরা জানিয়েছেন, অকৃতকার্যদের পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এ অবস্থায় আমরা কী করবো। এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ হোসেন জানান, আমরা বোর্ডের নীতিমালা অনুযায়ী অভিভাবকদের জানিয়েছি অকৃতকার্যদের পরীক্ষার অংশগ্রহণ করার কোনো সুযোগই নেই। তারা একত্রিত হয়ে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। শিক্ষা অধিদপ্তরের নীতিমালার বাইরে আমরা কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে পারবো না।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন জানান, আমরা বোর্ডের নীতিমালার বাইরে কোনো কাজ করতে পারি না। বোর্ডের নির্দেশনার আলোকে অকৃতকার্যদের বাদ দেয়া হয়েছে। কলেজের বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অগি্নসংযোগ বিষয়ে কিছুই বলতে পারবো না। কলেজের অভ্যন্তরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
