
প্রতিনিধি
স্কুল ছাত্রীকে চাকুরির প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রির অভিযোগে ময়না আক্তার নামে এক নারী অপহরণকারীকে গতকাল বৃহস্পতিবার জনতা আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলায়।
পুলিশ ও স্থানীয় অধিবাসী সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার পনশাহী গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে একই বাড়ির তার চাচী ময়না বেগম (২৫) ও তার স্বামী কাঞ্চন গত ১ জুন সন্ধ্যায় গার্মেন্টসে চাকুরি দেয়ার নাম করে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। তারা তাকে ১২-১৩ দিন সিলেট ও ঢাকার বিভিন্ন স্থানের অজ্ঞাত বাসায় রাখার পর ঢাকা ফকিরাপুলের মিনু আক্তার (বিউটি) নামের এক দেহ ব্যবসায়ীর নিকট ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। মিনু আক্তার ওরফে বিউটি ফকিরাপুলে ৬তলা ভবনের ৬ষ্ঠ তলায় তার আবাসিক কক্ষে লাকী আক্তারকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসার কাজ চালায়। গত ১ আগস্ট সকালে ঘুম থেকে উঠে ওই কিশোরী সুকৌশলে কক্ষ থেকে পালিয়ে বাড়ি এসে তার পিতা-মাতার নিকট বিস্তারিত ঘটনা জানায়। ঘটনাটি স্থানীয়রা জানার পর তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ময়নাকে আটক করে কচুয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ব্যাপারে ওই কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৫, তারিখ-০৭/০৮/২০১৪ খ্রিঃ।
