স্টাফ রিপোর্টার ॥
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামে চুরির অপবাদ দিয়ে এক প্রতিবন্ধী গৃহবধূর উপর নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনকারীরা তার মাথার চুল কেটে দেয়। আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ওই গ্রামের মৃত আশ্বাদ আলী ভূঁইয়ার স্ত্রী এক সন্তানের জননী মানসিক প্রতিবন্ধী নুরজাহান বেগম (৩৮)। এ গৃহবধূ গত বুধবার পার্শ্ববর্তী বাড়িতে নারিকেল গাছের পাতা কুড়াতে যান। এ সময় ওই বাড়ির জনৈক মোঃ বাসু মিয়া চোর চোর বলে দৌড়ে তাকে আটক করেন। চুরির অপবাদ দিয়ে তাকে বাড়িতে আটকে রেখে বেদম মারধর করে এবং এক পর্যায়ে তার মাথার চুল কেটে দেয়। খবর পেয়ে নুরজাহান বেগমের বোনের ছেলে বিল্লাল হোসেন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন খান (গাজী মেম্বার) জানান, স্বামী হারা গৃহবধূ নুরজাহান গরিব ও অসহায়। মাথা গোঁজার ঠাঁই নেই বললেই চলে। একমাত্র সন্তানকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি মানসিক প্রতিবন্ধী, সহজ সরল। ঘটনার পর পরই আমি তা জেনেছি। চুরির অপবাদ দিয়ে নুরজাহানকে মারধর করা ও চুল কেটে নেয়া মোটেই ঠিক হয়নি।
ফরিদগঞ্জ থানার এএসআই রনজিৎ জানান, বিল্লাল হোসেন বাদী হলে একটি লিখিত অভিযোগ করেছেন। তবে আসামীদের প্রত্যেকের পিতার নাম অজ্ঞাত হওয়ায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি নি। আসামীদের পিতার নাম সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এই ন্যাক্কার ঘটনায় এলাকায় ক্ষোভের ঝড় বইছে।
