
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের কোন মানুষ ঘর ছাড়া থাকবে না। সকলের মাথার উপর ছায়া দেয়ার ব্যবস্থা করবেন তিনি। সে আলোকে চাঁদপুরের নদী ভাঙনের শিকার ও ছিন্নমূল পরিবারের লোকদেরকে পর্যায়ক্রমে আশ্রয়ন প্রকল্প তৈরী করে ঘর দেয়া হচ্ছে। সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘান আশ্রয়ন প্রকল্পে ভূমিহীনদের মাঝে ঘর বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ভূমিহীনদের শুধুমাত্র ঘর দিচ্ছেন না। তিনি এসব পরিবারকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করেছেন এবং তাদেরকে অর্থ সহায়তাও করা হবে। তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মেয়েদেরকে বাল্য বিবাহ দিবেন না। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কেউ যাতে ইসলামের নাম করে জঙ্গীবাদ সৃষ্টি করতে না পারে সেদিকেও সতর্ক থাকবেন। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান। অনুষ্ঠানে মেঘনা আশ্রয়ন প্রকল্পে-৮০ ও মেঘনাপাড় আশ্রয়ন প্রকল্পের ১৪০ টি ঘরের কাগজপত্র ভুমিহীনদের হাতে তুলে দেন ডাঃ দীপু মনি এমপি।
