প্রতিনিধি
জলবায়ু পরিবর্তন, ভূমি বিপন্নতা এবং ভূমি জোনিং ম্যাপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুয়াজ্জেম হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভূমির গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই ভূমির সাথে জড়িত। স্বাধীনতার ৪৩ বছরে এ দেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণ। কিন্তু জায়গার পরিমাণ যা ছিলো তাই আছে। জনসংখ্যা বেড়েছে কিন্তু জমিতো বাড়েনি। বর্তমানে জমি-জমা নিয়ে খুন খারাবিসহ সংঘর্ষ হচ্ছে। সে জটিলতাগুলো নিয়েই ভূমি মন্ত্রণালয় কাজ করছে। তিনি আরো বলেন, আমার জেলা চাঁদপুর, বাড়ি নারায়ণপুর ইউনিয়নে। আমরা সকলে মিলেই জোনিং কার্যক্রম সম্পাদন করেছি, এখন এগুলো বাস্তবায়ন করতে হবে। ভূমি রক্ষার জন্যে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করা উচিত। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সংবাদকর্মীদেরও কাজ করতে হবে। ভূমি জটিলতা নিরসনে আইনও পাস হচ্ছে। আমরা চেষ্টা করেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাওয়ার। কৃষি জমি ব্যাহত হতে দেয়া যাবে না। সরকারের বিধি ও নিয়ম কানুন মেনে চলতে হবে। গ্রামীণ মানুষকে আমাদেরকে বুঝাতে হবে। ভূমি মন্ত্রণালয় থেকে যে আইন করা হয়েছে তা যদি পাস করা হয় তাহলে সে আইন দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয়ের উপপ্রধান সৈয়দ মামুনুল আলম বলেন, এ দেশে অনেক কিছুর সম্ভাবনা যেমন আছে তেমন চ্যালেঞ্জও আছে। বাংলাদেশ সব কিছুর ক্ষমতা অর্জন করেছে। সরকার আস্তে আস্তে সব কিছুই করছে। এ দেশ দু দিক দিয়ে চ্যালেঞ্জ জয় করেছে। একটি দক্ষিণ ও অপরটি উত্তর দিক। তিনি আরো বলেন, বাংলাদেশকে এগুতে হলে শিল্পকে এগিয়ে নিতে হবে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে শিল্পের কোনো বিকল্প নেই।
ভূমি মন্ত্রণালয় ও কম্পেহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম-২ (সিডিএম পি-২)-এর সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, বর্তমান সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, হাছান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রফিক উল্লা, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঞা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শাহাবুদ্দিন মিয়া প্রমুখ।

