অর্পিত সম্পত্তির লিজ গ্রহণকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যকার বিরোধের জের ধরে রাতের অাঁধারে একটি বসত বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ করেছে একটি পক্ষ। অন্যদিকে অপর পক্ষের দাবি, নিজেদের দোষ ঢাকতেই তারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিয়েছে। অগি্নকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার সম্পদহানী হয়েছে বলে ক্ষতিগ্রস্ত লিয়াকত আলীর পরিবার দাবি করেছে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনাটি উপজেলার দক্ষিণ কড়ৈতলী গ্রামে বৃহস্পতিবার রাতে ঘটে।
লিয়াকত আলীর পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার রাতে প্রতিবেশী আবুল বাশারের পক্ষের দু শতাধিক লোক অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দেয় এবং বসতঘরে অগি্নসংযোগ করে। এতে তাদের একটি বসতঘর ও দুটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। তাদের অভিযোগ হামলাকারীরা তাদের মারধরও করে। তারা জানান, এ সম্পত্তি নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। কিন্তু তারা এর মধ্যেও হামলা চালিয়েছে। উল্লেখ্য, ঘটনাস্থল বিএনপির সাবেক এমপি আলমগীর হায়দার খানের বোনের বাড়ি।
অন্যদিকে আবুল বাশারের ছেলে রুবেল হোসেন জানান, উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের মজুমদার বাড়ির ২ একর ৬৮ শতক জমি অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত হওয়ায় স্থানীয় আবুল বাশার বাংলা ১৩৭৩ সন থেকে লিজ গ্রহণ করে ভোগদখল করে আসছেন। কিন্তু বিগত বিএনপি সরকারের সময় লিয়াকত আলী সর্দার ক্ষমতার দাপট দেখিয়ে তা দখল করে নেন। এর পরই তারা ২০১০ সালে লিজের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট লিজের উপর স্থগিতাদেশ দেয়। কিন্তু লিয়াকত আলী সর্দার তাদের দখলদারিত্ব বহাল রাখতে আগুন লাগানোর নাটক রচনা করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, ঘটনার সময় থানার পেট্রোল ডিউটি পার্টি দূরে ছিলো। পরে তারা ঘটনাস্থলে উপস্থিত হলে বসতঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পান। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

