
স্টাফ রিপোটার ঃ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী থেকে পুরস্কৃত চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারীকে সংবর্ধনা জানিয়েছে চাঁদপুর প্রেসক্লাব। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। দুলাল পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, আমার বাবার সততাকে আমরা লালন করছি। বাবার আদর্শ অনুসরণ করে চলায় আজ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারছি, আর তার স্বীকৃতিও পাচ্ছি। তিনি বলেন, এ সম্মান আমার একার নয়, আপনাদের সকলের তথা চাঁদপুর জেলাবাসীর। কাজের স্বীকৃতি পাওয়ায় এখন আমার কাজের পরিধি আরো বেড়ে গেলো। চাঁদপুর প্রেসক্লাব আমাকে সংবর্ধিত করে ভালোবাসার ঋণে আরো আবদ্ধ করে ফেললো। চাঁদপুরের সাংবাদিকরা আমার অত্যন্ত আপনজন। তাদের সুখে-দুঃখে সবসময় অতীতেও যেমন পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর উপস্থাপনায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর, মির্জা জাকির ও সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন লিটন। বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, আবু নঈম দুলাল পাটওয়ারীর অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত হয়েছেন। তাই তাঁকে নিয়ে আমরা গর্ব করি। তাঁর এ শ্রেষ্ঠত্ব অর্জনে চাঁদপুর প্রেসক্লাব গর্বিত। আমরা তাঁর আরো উত্তরোত্তর সাফল্য কামনা করছি। চাঁদপুর প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে এবং সাংবাদিকদের সুখে-দুঃখে অতীতের ন্যায় ভবিষ্যতেও আমরা তাঁকে পাশে পাবো এ প্রত্যাশা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
