
প্রতিনিধি=
চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন সাকি কম্পিউটার (জেকে কম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিও) থেকে জেএসসি বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে গতকাল রাতে আগামী শনিবার অনুষ্ঠিতব্য বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ফটোকপিসহ কম্পিউটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় দোকানের কর্ণধার নিশি কলোনী এলাকার শাওন শেখ (২৪) ও কর্মচারী অপু (১৮)কে আটক করে থানায় নিয়ে আসা হয়। কলেজ সংলগ্ন এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, এ দোকানটিতে গতকাল সন্ধ্যার পর থেকে বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে। পুলিশের গোয়েন্দা দল ক্রেতা সেজে কম্পিউটার থেকে প্রশ্নপত্রের ফটোকপি সংগ্রহ করে। রাতে দোকানের মালিক উপস্থিত সাংবাদিকদের সামনে পুলিশের কাছে স্বীকার করেন, তার দোকান থেকে ইন্টারনেটে এগুলো নামানো হয়েছে। পরে তা ফটোকপি করে দেয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মাহবুব মোল্লা , ডিএসবি সদর ইনচার্জ মোঃ ওসমান, এসআই জামানসহ পুলিশ সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত জব্দ করা কম্পিউটার থেকে প্রশ্নপত্র বের করার চেষ্টা করেন পুলিশ।
চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মাহবুব মোলস্নার সাথে আলাপকালে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে এসে আমরা জেএসসি বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের ফটোকপি উদ্ধার করি এবং সে যে এ কাজ করেছে সেটা স্বীকার করেছে। আটক দোকানের মালিক শাওন শেখ বলেন, কম্পিউটারের নেট থেকে কর্মচারী অপু এগুলো বের করেছে। আমি এটার ব্যাপারে জানি না। দোকানের কর্মচারী অপু পুলিশকে জানায়, নেট থেকে এ প্রশ্নপত্র সে বের করেছে। যে নেট থেকে বের করা হয়েছে সেটা তার এক বন্ধুর।
