
স্টাফ রিপোর্টার ॥
সারাদেশে গতকাল ছিল প্রতিবাদে উত্তাল। বিক্ষোভ ও মিছিল চলাকালে গগন বিদারী শ্লোগানে শ্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল। মিছিলে মিছিলে সয়লাব হয়েছিল পুরো চাঁদপুর শহর। দেশের সর্বত্র মিছিলের আগে পরে হয়েছে প্রতিবাদ- সমাবেশ। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গতকাল বিকাল ৩ টায় চাঁদপুর শহরের পুরান বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য অধ্যক্ষ গাজী মুহাঃ হানিফ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ নেছার উদ্দীন।
তিনি বক্তব্যে বলেন- পবিত্র জেরুজালেম মুসলমানদের প্রথম কেবলা। অসংখ্য নবী রাসুলগণের স্মৃতি বিজড়িত এ পবিত্র ভূমিকে বিশ্ব সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প জারজ রাষ্ট্র ইসরাইলের রাজধানী ঘোষণা করায় বিশ্বের কোটি কোটি মানুষ ব্যথিত। তার এ ঘোষণা সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী কার্যকলাপ আরো বাড়িয়ে দিবে। মুসলমানদের প্রাণ বায়তুল মোক্কাদাসকে দখলে নিয়ে অপবিত্র করার সুদুরপ্রসারী চক্রান্তের অংশ হিসেবে তার এ ঘোষনা। তার এ ঘোষনা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার শামীল। তার এ ঘোষণা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিশ্বের মুসলমানগণ বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, আমেরিকার প্রেসিডেন্ট কুখ্যাত পাগল ট্রাম্প নিজেই ইহুদিদের একজন এজেন্ট। যেখানে ইসরাঈল রাষ্ট্রের কোন বৈধতা নেই, মুসলমানদের পবিত্র জেরুজালেমকে রাজধানী ঘোষণার কোন মানেই হয় না। সারা বিশ্বের প্রতিবাদের সাথে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে ইসলামী আন্দোলনের পক্ষ থেকেও আমরাও বলতে চাই, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী এবং এই আল কুদুস কে কেন্দ্র করেই ইনশাআল্লাহ বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হবে। অতি দ্রুতই ইসরাইলের রাজধানী ঘোষণা প্রত্যাহার করার দাবী জানান তিনি।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি শেখ মোঃ জয়নাল আবদিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাওঃ ইয়াসিন রাশেদসানী, ইসলামী আন্দোলন জেলা অর্থ সম্পাদক মামুনুর রশিদ খান বেলাল, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ আফসার উদ্দীন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রিয়াজুর রহমান, সাধারণ সম্পাদক মুহাঃ মহসিন হোসেন, সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মাওঃ নুরউদ্দীন, হাইমচর উপজেলা সভাপতি গাজী মুহাঃ জহিরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা সাবেক সভাপতি মাওঃ হেলাল উদ্দীন সহ জেলা ও থানা নেতৃবৃন্দ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড থেকে কালিবাড়ি বাইতুল আমিন শ্বপথ চত্বরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্তি হয়।
