চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় জেলা সশস্ত্র বাহিনী মেডিক্যাল ডিসপেনসারির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ও জেলা সশস্ত্র বাহিনী মেডিক্যাল ডিসপেনসারির সভাপতি জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। উদ্বোধন শেষে বিপণীবাগস্থ পার্টি হাউজে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, সব জেলাতেই সশস্ত্র বাহিনীর বোর্ড কাঠামো আছে। চাঁদপুর জেলায়ও এটি হলো। জেলা পর্যায়ের ইউনিটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সকলেই এর সাথে কাজ করবে। কাঠামোগতভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, জীবন আমাদের অনেক এগিয়েছে, আরো অনেক দূর এগুতে হবে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। চাঁদপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের এ হাসপাতালের সাথে সরকারি হাসপাতালের সহযোগিতাও থাকবে। ভলান্টিয়ার সার্ভিসে সম্পৃক্ত হতে পারলে যে কোনো মানুষই গর্ববোধ করে।
জেলা সশস্ত্র বাহিনীর সচিব মেজর পারভেজের পরিচালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুস ছাত্তার মিয়া, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ লুৎফুর রহমান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ জাকির হোসেন, ওয়ারেন্ট অফিসার (অবঃ) নজরুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) সিরাজুল ইসলাম পাটওয়ারী, ওয়ারেন্ট অফিসার (অবঃ) ওয়াহিদুল ইসলাম বিল্লাল, কর্মরত ডাঃ তাহফিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ নুরুল ইসলাম।
