
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে ‘চাঁদপুর সেতু’র উপর থেকে এক নারী ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ এর উপর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে নদীতে ঝাঁপ দিয়েছেন তা এখনও জানতে পারেনি পুলিশ।
সোমবার (৩১ মে) দুপুরে শহরতলীর গাছতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার খবর শুনে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নদী থেকে উদ্ধার করা স্থানীয় বাসিন্দা হ্নদয় ও রহিম জানায়, আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলাম। তখন একজন মহিলাকে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকতে দেখি। কিছুক্ষণ পরে ওই নারী ব্রিজের উপর থেকে লাফিয়ে নদীতে পড়েন। পরে আমরা সাথে সাথে ব্রিজের নিচে গিয়ে তাকে উদ্ধার করি। আল্লাহর হুকুমে ওই নারী অজ্ঞান হলেও মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। তবে ওই নারী এলাকার পরিচিত নয়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, বর্তমানে ওই নারী অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার আনুমানিক বয়স ৪০ হবে। তবে কি কারণে তিনি ব্রিজ থেকে লাফ দিয়েছেন তা এখনো জানা যায় নি। সুস্থ্য হলে ঘটনার রহস্য জানাযাবে।
