
চাঁদপুর: করোনা পরিস্থিতিতে দেশে দ্বিতীয় বারের মতো পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সরকারি বিধি নিষেধের মধ্যে দেশের সকল পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুরের প্রধান পর্যটন কেন্দ্র বড় স্টেশন মোলহেডও বন্ধ হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে। কিন্তু কে মানে কার কথা। ঈদের দ্বিতীয় দিন শনিবার (১৫ মে) মোলহেডে হাজার হাজার মানুষের ঢল নেমেছে।
সরেজমিন বিকেলে মোলহেডে গিয়ে দেখাগেছে ঈদ আনন্দ উপভোগ করতে আসা শিশু, কিশোর, তরুন-তরুনিসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি। শিশুরা আনন্দ উপভোগ করছে বিভিন্ন ধরণের রাইডারে। তরুন-তরুনিরা ট্রলার করে মেঘনা নদী ভ্রমন করছে। আবার কেউবা মোলহেডে গাছের নীচে আড্ডা দিয়ে। স্বাস্থ্যবিধিত মানাই হচ্ছে না, বরং অনেকের মুখেই মাস্কও নেই।
চাঁদপুর জেলা সদরে ভাল কোন বিনোদন কেন্দ্র নেই। একমাত্র তিন নদীর মোহনাই লাখ লাখ মানুষের সময় কাটানোর স্থান। যে কারণে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভ্রমন পিপাসুরা এখানেই ছুটে আসে। করোনার বিধি-নিষেধ তাদেরকে আটকে রাখতে পারেনি। শুক্রবার ঈদের দিনেও ভীড় ছিলো মোলহেডে।
চাঁদপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, চাঁদপুরে করোনায় আক্রান্ত থেমে নেই। প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্য হয়েছে করোনায়।
অপরদিকে সারাদেশে আজও ২২ জনের করোনায় মৃত্যু হয়েছে। পাশের দেশে ভারতে করোনায় প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঈদ যাত্রায় শহরের মানুষ গ্রামে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাই বেশী।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/
