‘টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটিং’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ পহেলা এপ্রিল হাইমচরের চরভাঙ্গায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে দেশের ও দেশের বাইরের প্রায় ৭ হাজার স্কাউট ও রোভার স্কাউটদের নিয়ে আয়োজিত বাংলাদেশ স্কাউটস্-এর ৬ষ্ঠ জাতীয় কমডেকা (কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প)। আমেরিকা, ভারত, নেপালসহ বাংলাদেশের ৬৪ জেলার স্কাউট ও রোভারদের নিয়ে পাঁচদিনব্যাপী আয়োজিত এ কমডেকা আজ ১ এপ্রিল সকাল ১১টায় শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন ও ৬ষ্ঠ কমডেকার শুভ উদ্বোধনকে ঘিরে গতকাল ৩১ মার্চ সন্ধ্যা ৬টায় প্রেস কনফারেন্স করেছে কমডেকার জাতীয় সাংগঠনিক কমিটি। এতে রেল মন্ত্রণালয়ের সচিব ও কমডেকা জাতীয় সাংগঠনিক কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন মূল বক্তব্য রাখেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ-বিদেশের ৬১৪টি ইউনিট অংশ নিবে এ ৬ষ্ঠ জাতীয় কমডেকায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে স্কাউটরা হাতেকলমে যে কাজ করে, তারই একটি ক্যাম্পিং রূপ কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প তথা কমডেকা। এ ক্যাম্পিংয়ে ১২টি চ্যালেঞ্জ/লক্ষ্য ও ৫টি কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে কমডেকায় অংশগ্রহণকারী স্কাউট ও রোভার স্কাউটরা স্থানীয় জনগণের সাথে মিলেমিশে কাজ করবে। এ কমডেকায় সমাজ সচেতনতার লক্ষ্যে অংশগ্রহণকারীরা ৪টি গ্রামের প্রায় ৮৫০টি পরিবারের সদস্যদের শিশু নিরাপত্তা, চিকিৎসা নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, সোলার নিরাপত্তা ও দুর্যোগকালীন নিরাপত্তা সম্পর্কে জানানোর পাশাপাশি শিক্ষার গুরুত্ব, আর্সেনিক, বাল্যবিবাহ, বিদ্যুৎ সাশ্রয়, সোলার পাওয়ার ব্যবহার ও মাদকের কুফল বিষয়ে অবগত করবে। কাজেই এমন গুরুত্ববহ সমাবেশটি সফল ও সার্থক করার জন্যে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আমরা বিশ্বাস করি, এ আয়োজনের মাধ্যমে চাঁদপুরের সংস্কৃতি কতটা উন্নত তা হাজার হাজার মানুষ জানতে পারবে। মেঘনা অববাহিকার তীরে মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী এসে সন্তোষ প্রকাশ করবেন বলে আমরা আশা প্রকাশ করছি। প্রেস ব্রিফিংয়ে ৩০ মার্চ সন্ধ্যায় ঝড়ে সমাবেশ স্থলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ইতঃমধ্যে কাটিয়ে উঠেছে বলেও নিশ্চিত করেন কমডেকা সভাপতি।
প্রেস কনফারেন্সে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস্-এর সহ-সভাপতি মোঃ হাবিবুল আলম বীর প্রতীক, জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোঃ আতিকুজ্জামান রিপন, জাতীয় কমিশনার (প্রকল্প) মোঃ মোহসীন, জাতীয় কমিশনার (জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং) সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার। প্রেস কনফারেন্সে চাঁদপুর ও হাইমচরের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
