চাঁদপুর নিউজ রিপোর্ট
বাংলাদেশে নারী জেলা প্রশাসক, নারী পুলিশ সুপার আর নূতন কোনো বিষয় নয়। তবে কোনো নারী পুলিশ সুপারের জাতীয় পুলিশ প্যারেডে নেতেৃত্ব দেয়ার ঘটনা গত বছর ছিলো বাংলাদেশের ইতিহাসে নূতন একটি বিষয়, যা ছিল কেবলই প্রথম। আর সেই পুলিশ সুপার হচ্ছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। শুধু তা-ই নয়, তিনি এবারও একই নেতৃত্ব দ্বিতীয় বারের মত দেয়ার বিরল সুযোগ লাভ করেছেন।
গতকাল পুলিশ প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শামসুন্নাহার (পুলিশ সুপার, চাঁদপুর) একজন দীপ্তিমান নারী পুলিশ কর্মকর্তা হিসেবে এবারও দ্বিতীয় বারের মত ‘পুলিশ সপ্তাহ ২০১৭’ উপলক্ষে প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন। আজ ২৩ জানুয়ারি সোমবার সকাল সোয়া ৯টায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অভিবাদন জ্ঞাপন করবেন। এছাড়া তিনি চাঁদপুর জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও সেবামূলক প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পিপিএম-সেবা পদকে ভূষিত হবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সকাল সোয়া ৯টা হতে সরাসরি সম্প্রচার করা হবে।
