স্টাফ রিপোর্টার
হাইমচরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে খুকি বেগম তার ছেলে আরিফ হোসেনকে ধারালো ব্লেড দিয়ে পুচিয়ে হত্যা করেছে। শুক্রবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান উর্মির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খুকি বেগম এমন তথ্য প্রদান করে বলে জানা যায়। এর আগে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দক্ষিণ আলগী গ্রামে নৃশংস এ হত্যাকা- ঘটে। এ ঘটনায় নিহত আরিফের স্ত্রী আসমা আক্তার স্বামী হত্যার অভিযোগ এনে শাশুড়ি খুকি বেগমকে অভিযুক্ত করে হাইমচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য খুকি বেগমকে আটক করলেও বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই রাতেই হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো ব্লেড তার বসতঘর থেকে উদ্ধার করা হয়।
হাইমচর থানার ওসি ওয়ালী উল্লাহ জানান, শুক্রবার দুপুরে খুকি বেগমকে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান উর্মির আদালতে হাজির করা হয়। এ সময় আসামী ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে। আসামী আদালতকে জানায়, নানা কারণে ছেলের প্রতি তার ক্ষোভ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে ঘুমন্ত ছেলে আরিফের গলায় ব্লেড চালিয়ে হত্যা করি। তবে ঘটনার সময় ছেলের স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। এমন বক্তব্যের পর আদালত অভিযুক্তকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আরিফের বাবা মিজানুর রহমান খান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য প্রবাসী। তিন মেয়ে, এক ছেলে নিয়ে তার স্ত্রী খুকি বেগম গ্রামের বাড়িতেই থাকেন। এদের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। তবে ছেলে আরিফ বেকার ছিলেন। তিনি গত ৮ মাস আগে পাশের গ্রামের আসমা আক্তারকে বিয়ে করেন। মায়ের সঙ্গে আরিফের টানাপোড়েন সম্পর্ক যাচ্ছিল।
এদিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে হাইমচরের গ্রামের বাড়িতে নিহত আরিফের লাশ দাফন করা হয়।
