শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের নতুন বাজার বিদ্যুৎ অফিসের সামনে সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়ে ৩জন আহত করেছে। এসময় একটি দোকান ব্যাপক ভাংচুর করে লুটপাট চালায়।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় হীরা স্বর্ণ শিল্পালয়ের মালিক আবুল হোসেন পাটওয়ারীর ও তার ছেলে কামরুল পাটওয়ারী নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে এসে এ হামলার ঘটনা ঘটায়। খবর পেয়ে মডেল থানার এসআই নুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ধাওয়া করে। হামলাকারীরা সাহা এন্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী হরিপদ সাহা, স্বপন কুমার সাহা, রুহিপদ সাহার সম্পত্তি ও দোকান জোরপূর্বক দখল করার জন্য অতর্কিতভাবে দিনে দুপুরে হামলা চালিয়ে দোকান থেকে মালামাল রাস্তায় ফেলে দেয়। তারা দোকানের মূল্যবান মালামাল ও টাকা পর্যসা লুটপাট করে পালিয়ে যায়। হামলাকারীদের বাঁধা দিলে আবুল হোসেন পাটওয়ারী ও তার ছেলে কামরুল পাটওয়ারী জিআই পাইপ দিয়ে হরিপদ সাহা ও তার ছেলে সুমন সাহাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। জানা যায়, নতুন বাজার জে এম সেনগুপ্ত রোডস্থ বিদ্যুৎ অফিস সম্মুখে হরিপদ সাহা গংরা বিগত দিন যাবৎ তাদের পৈত্রিক সম্পত্তি দখল সূত্রে মালিক হয়ে বসবাস ও ব্যবসা করে আসছে। তাদের পাশের সম্পত্তি কোড়ালিয়ার রমেশ চন্দ্র বিগত কয়েক বছর পূর্বে মুসলমান সম্প্রদায়ের কাছে বিক্রি করে। সেই সম্পত্তি এজ বদল হয়ে বেলায়েত মজুমদারের ছেলে ফারুক মজুমদার ৫৫ পয়েন্ট সম্পত্তি ক্রয় করে। দীর্ঘ ৩ বছর পূর্বে সেই সম্পত্তি কোড়ালিয়া পাটওয়ারী বাড়ি বর্তমানে মাদরাসা মুন্সিবাড়ি সংলগ্ন আবুল হোসেন পাটওয়ারী ক্রয় করে। সম্পত্তি ক্রয় করার পর সংখ্যা লঘু পরিবারের জায়গা ভূয়া দলিল দিয়ে জোরপূর্বক দখল করার জন্য চেষ্টা চালায়। তারা ব্যর্থ হওয়ায় সংখ্যা লঘু পরিবারকে বিবাদী করে আবুল হোসেন পাটওয়ারী পর পর ৪টি মামলা দায়ের করে। আদালত উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে ৩টি মামলা খারিজ করে দেয়। এরমধ্যে ১টি মামলা আদালতে চলমান রয়েছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ও আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আবুল হোসেন পাটওয়ারীর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী দিনে দুপুরে লোকজনের সম্মুখে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুর জেলা প্রশাসক ইসমাইল হোসেন সংখ্যা লঘু পরিবারের দোকানপাট ভাংচুরের ঘটনাটি পরিদর্শন করেন। এছাড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নতুন বাজার ব্যবসায়ীক নেতৃবৃন্দ এসে খোঁজ খবর নেয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।

