প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়ে গেছে ভারতের উত্তর-পশ্চিমের বেশ কয়েকটি রাজ্য। প্রবল ধুলিঝড়ের দাপটে বিপর্যস্ত হয়ে গেছে রাজস্থান। বজ্রপাতসহ একটানা ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে উত্তরপ্রদেশ।
প্রবল বর্ষণের কবলে পড়েছে উত্তরাখণ্ডও। সব মিলিয়ে ওই তিন রাজ্যে এখন পর্যন্ত অন্তত ৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা শতাধিক। প্রশাসনের আশঙ্কা, নিহতের সংখ্যা আরো বেড়ে যেতে পারে।
বুধবার রাত থেকেই উত্তরপ্রদেশে শুরু হয়েছে প্রচণ্ড গতিতে ঝড়। সঙ্গে একটানা বৃষ্টি। রাজ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৬৪ জন। তার মধ্যে শুধু আগ্রাতেই ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রচণ্ড ধুলিঝড় শুরু হয় রাজস্থানে। সে রাজ্যে মারা গেছেন ৩১ জন। মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ডেও দু’জনের প্রাণ গেছে। তবে সবমিলয়ে ৯৭ জনের মৃত্যুর খবর মিলেছে।
তিন রাজ্যেই ঝড়ের দাপটে উপড়ে পড়েছে বড় বড় গাছ। উড়ে গেছে দোকানঘর, অস্থায়ী ছাউনি, ঘরবাড়ির ছাদ। স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ। ধ্বংসের চেহারা ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে।
উত্তরপ্রদেশে সবেচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আগ্রা। সেই সঙ্গে বিজনৌর, সহারনপুর, বরেলীতেও মৃত্যু হয়েছে অনেকের। জেলা প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। ওই সমস্ত জেলায় যাতে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া যায়, তারও নির্দেশ দিয়েছেন তিনি।
