চাঁদপুর নিউজ রিপোর্ট
গতকাল ১৩ জুন শনিবার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল (এমএ) মাদ্রাসার ছাত্র জমিয়তের উদ্যোগে রমযানের পবিত্রতা রক্ষার নিমিত্তে শিক্ষকমণ্ডলী ও ছাত্রদের এক বিশাল র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা নির্বাহী অফিসরের দপ্তরে গিয়ে শেষ হয়। মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান ও শিক্ষকমণ্ডলীর নেতৃত্বে ছাত্র জমিয়তের সহ-সভাপতি কাউসার আহমদ খান ও সেক্রেটারী মুহাম্মদ জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত র্যালির পক্ষ থেকে সরকারের প্রতি নিম্নলিখিত দাবি উত্থাপন করা হয়।
রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রশাসনিকভাবে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, রমযান মাসে দিনের বেলা সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, সাহরী, ইফতার ও তারাবীহ নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, মদ, জুয়া, হাউজিসহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধ রাখতে হবে, জনগণের চলাচলের পথে অশ্লীল পোস্টার লাগানো বন্ধ করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিকারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, ফরমালিন মুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে, জঙ্গিবাদী সকল তৎপরতা বন্ধ করতে হবে, সংস্কৃতির নামে বেহায়াপনা ও অশ্লীল গান-বাজনা বন্ধ করতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। র্যালির পূর্বে ফাযিল পরীক্ষার্থীদের সফলতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপাধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা, প্রধান মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম খান বক্তব্য রাখেন। দোয়া অনুষ্ঠানে প্রখ্যাত আলেম মাওলানা আবুল কাশেম ফজলুল হকের পিতার রূহের মাগফিরাত ও পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান।
